রাজ্যজুড়ে বেহাল রাস্তাঘাট দ্রুত সংস্কারের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন সভাঘরে সমস্ত দফতরের সচিবদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে এদিন তিনি স্পষ্ট জানান, এর মধ্যে রাজ্যের সমস্ত খারাপ রাস্তা সাধারণ মানুষের যাতায়াতের উপযুক্ত করে তুলতে হবে।

আরও পড়ুন: লোকভবনে নক্ষত্র সমাবেশ! রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসেনজিৎ-সৃজিত থেকে ডোনা-পাওলিদের

বর্ষার পরেই যাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করা যায়, তার জন্য পূর্ত দফতর (PWD), পুর ও নগরোন্নয়ন দফতর এবং পঞ্চায়েত দফতরকে যৌথভাবে মাঠে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জাতীয় সড়ক থেকে শুরু করে ব্লকের ভেতরের রাস্তা—সমস্ত বেহাল রাস্তা মেরামতে কোনো জটিলতা রাখা চলবে না বলে সাফ জানিয়েছেন তিনি। রাস্তা সংস্কারের পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা এবং জি রাম জি প্রকল্পের মতো কর্মসূচিগুলি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রূপায়ণ করার নির্দেশ দেওয়া হয়েছে আমলাদের।

আরও পড়ুন: বাম ছাত্র সংগঠনের পাল্টা পথে প্রতিবাদ ABVP-র

পাশাপাশি, দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও কাটমানির মতো বেআইনি কার্যকলাপ রুখতে এদিনই রাজ্যজুড়ে একটি ডেডিকেটেড টোল-ফ্রি হেল্পলাইন নম্বরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের দাবি, এই হেল্পলাইনের মাধ্যমে সাধারণ মানুষ যেকোনো স্থান থেকে সরাসরি প্রশাসনের কাছে দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন এবং প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।