সুরেন্দ্রনাথ ল কলেজে (Surendranath Law College) কাটল না অচলাবস্থা। সোমবার উপাধ্যক্ষের (Vice Principal) কলেজে ফেরার কথা ছিল। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে কলেজে দেখা মিলল না উপাধ্যক্ষ মহম্মদি তরন্নুমের (Mohammadi Tarannum)। পড়ুয়ারা কলেজে উপস্থিত থাকলেও হয়নি কোনও ক্লাস, এমনই অভিযোগ তাঁদের। ফলে সপ্তাহের শুরুতেও অনিশ্চয়তার আবহ কাটল না কলেজে।
শারীরিক অসুস্থতার কারণে সোমবার শহরের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন তরন্নুম। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার থেকেই তিনি ফের কলেজের কাজে যোগ দেবেন। পাশাপাশি, মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের জন্য আবেদনও করেছেন উপাধ্যক্ষ।
আরও পড়ুন: নতুন রূপে দিঘা গেট, সংস্কারের জন্য ২ রাত ‘নো এন্ট্রি’
এদিকে পড়ুয়াদের আশ্বস্ত করে তরন্নুম জানিয়েছেন, সব পড়ুয়া যাতে পরীক্ষায় বসতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। কিন্তু তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি। সোমবারও উপাধ্যক্ষের বিরুদ্ধে সরব হন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, গত কয়েক দিন ধরে সংবাদমাধ্যমে উপাধ্যক্ষ যে সমস্ত দাবি করছেন, তার অধিকাংশই ‘মিথ্যে’। পড়ুয়াদের আরও দাবি, কলেজের অনলাইন পোর্টালে ক্লাসের সংখ্যা সংক্রান্ত কোনও তথ্যই দেখা যাচ্ছে না। এমনকি পড়ুয়াদের উপস্থিতির হারও সেখানে প্রকাশিত হয়নি। তাঁদের প্রশ্ন, ক্লাস হয়ে থাকলে তার হিসাব কোথায়? উপস্থিতির তথ্যই বা কেন দেখা যাচ্ছে না?
আরও পড়ুন: ক্যাম্পাসে বহিরাগত ‘দাপাদাপি’, হাই কোর্টে জনস্বার্থ মামলা
সোমবার উপাধ্যক্ষের কলেজে আসার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি হলেও শেষ পর্যন্ত তিনি আসেননি বলে দাবি পড়ুয়াদের। তাঁদের অভিযোগ, অন্য শিক্ষকরাও কলেজে উপস্থিত ছিলেন না। উপাধ্যক্ষের প্রত্যাবর্তনের বিজ্ঞপ্তির পরও এ দিনের পরিস্থিতি নতুন করে প্রশ্ন তুলে দিল কলেজের স্বাভাবিক পঠনপাঠন নিয়ে।
একদিকে উপাধ্যক্ষের মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের উদ্যোগ, অন্যদিকে পড়ুয়াদের লাগাতার অভিযোগ, দুইয়ের মাঝে ফের ধোঁয়াশায় সুরেন্দ্রনাথ ল কলেজ। মঙ্গলবার উপাধ্যক্ষ সত্যিই কাজে ফেরেন কি না, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতির কোনও সমাধান হয় কি না, এখন সেদিকেই নজর।
















