উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের রেশ কাটতে না কাটতেই এবার মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। একই দিনে মৃত্যু হয়েছে ১০ জন নবজাতকের! শুধু তাই নয়, চলতি অগাস্ট মাসে এই হাসপাতালে মোট ৬০ জন শিশুর মৃত্যুর তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য ভবন। ঘটনাটি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠলেও, পরে সরকারি পোর্টালে তথ্য আপলোড হওয়ার পর নজরে আসতেই তড়িঘড়ি পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: AC-কম্প্রেসার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ইসলামাবাদের সরকারি হাসপাতালে কমপক্ষে ১৫ সদ্যোজাতের মৃত্যু

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে ১০টি শিশুর একদিনে মৃত্যু হয়েছে, তাদের মধ্যে মাত্র দু'টি শিশুর জন্ম হয়েছিল মালদহ মেডিক্যাল কলেজে। বাকি আটটি শিশুকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় জেলার অন্য হাসপাতাল বা নার্সিংহোম থেকে এখানে ‘রেফার’ করা হয়েছিল। অন্যদিকে, স্বাস্থ্য দফতরের সূত্রে খবর, অগাস্ট মাসে মালদহ মেডিক্যালে যে ৬০টি শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে ৪৪টি শিশুর জন্ম হয়েছিল বাইরে—বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের এই সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি ১৬টি শিশুর জন্ম মালদহ হাসপাতালেই হয়েছিল। মৃত শিশুদের ডেথ সার্টিফিকেটে মূলত শ্বাসকষ্ট, জন্ডিস এবং হৃদ্‌যন্ত্রের সমস্যার মতো কারণগুলোর উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: কর্নাটকের জলাশয়ে ভাসছে মা-সহ ৫ সন্তানের মৃতদেহ! ঘনাচ্ছে রহস্য

স্বাস্থ্য দফতরের মতে, এক জেলায় এক সপ্তাহে শিশুমৃত্যুর এই উচ্চ হার গোটা রাজ্যের পরিসংখ্যানকে প্রভাবিত করছে। এটি জাতীয় স্তরেও অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার পরই মালদহ মেডিক্যাল কলেজের সুপার প্রসেনজিৎ বর জানিয়েছেন, স্বাস্থ্য ভবনের নির্দেশমতো ইতিমধ্যে একটি প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে এবং খুব শীঘ্রই বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে। পাশাপাশি, এই ঘটনার সত্যতা স্বীকার করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, মালদহে শিশুমৃত্যুর হার কেন বাড়ল এবং এর নেপথ্য আসল কারণ কী, তা জানতে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

আরও পড়ুন: সংস্কৃতি পোশাকে থাকে না! কৃতি-বিতর্কের মাঝেই বিজ্ঞাপন সরাল GIVA

মালদহ মেডিক্যাল কলেজের এই ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে প্রসবের পর শিশুমৃত্যুর ঘটনায় প্রশ্ন ওঠায়, ইতিমধ্যে জেলার প্রায় ১৬টি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে আকস্মিক অভিযান শুরু করেছেন স্বাস্থ্য আধিকারিকেরা।