বামেদের ডাকা দেশব্যাপী ‘আইন অমান্য’ ও ‘জেল ভরো’ কর্মসূচিকে ঘিরে সোমবার রণক্ষেত্র আসানসোল। পুলিশ লাইনের কাছে ব্যারিকেড ভাঙাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধস্তাধস্তি হয়। গ্রেফতার করা হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীণাক্ষি মুখোপাধ্যায়, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়-সহ একাধিক বাম নেতা-নেত্রীকে।
আরও পড়ুন: হালিশহরে আর্থিক সাহায্য, আরজি কর-কাণ্ডে আপত্তি কেন? বিজেপির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে সরব কুণাল
সোমবার শতাব্দী পার্ক থেকে জিটি রোড ধরে বিশাল মিছিল শুরু করেন বাম কর্মী-সমর্থকেরা। ভগৎ সিং মোড়ে প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। এরপর পুলিশ লাইনের কাছে দ্বিতীয় ব্যারিকেডও ভেঙে ফেলা হয়। দক্ষিণ পুলিশ ফাঁড়ির সামনে তৃতীয় ব্যারিকেডে এসে আটকে যায় মিছিল। সেটিও টপকে যাওয়ার চেষ্টা হলে শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি।
আরও পড়ুন: চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী, জলকামান ও দমকল মোতায়েন করা হয়। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন মীণাক্ষি মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের উপর একের পর এক জনবিরোধী নীতির বোঝা চাপানো হচ্ছে। রেশন তালিকা থেকে নাম বাদ পড়া, হকার উচ্ছেদ, কোলিয়ারি ও শিল্পকারখানা বন্ধ, বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং নারী নির্যাতনের মতো একাধিক ইস্যুতে ক্ষোভ বাড়ছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদে উত্তাল বাংলা
মীণাক্ষির হুঁশিয়ারি, "কড়া পুলিশি পাহারা কিংবা ব্যারিকেড গড়ে এই পুঞ্জীভূত জনরোষকে চেপে রাখা যাবে না।" এর কিছুক্ষণের মধ্যেই মীণাক্ষি-সহ আন্দোলনরত বাম নেতৃত্বকে আটক করে পুলিশ। দুটি বাস ও একটি প্রিজন ভ্যানে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়।
















